নির্বাচনের আগে ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেক প্রার্থী আপনাকে ভাইয়ের মতো মনে করে। কিন্তু নির্বাচন শেষ হলে ভাই তো দূরের কথা, শালার মর্যাদাও দেয় না।

রোববার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, জীবন দিয়ে যারা দেশকে স্বাধীন করেছেন, তাদের আকাঙ্ক্ষা ৫৪ বছরেও পূরণ হয়নি। নির্বাচনের আগে অনেকেই নানা আশ্বাস আর ফুলঝুরি নিয়ে আসে, কিন্তু ভোট শেষ হলে জনগণ তাদের আর খুঁজে পায় না। জামায়াত তাদের মতো নয়, চরম দুঃসময়েও তারা দেশত্যাগ করেনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করতে আসে, তাহলে আগে তাকে প্রতিহত করতে হবে, পরে পুলিশের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, যারা আইন রক্ষা করার দায়িত্বে থেকে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের পরিণতি অতীতেও ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহারের সুযোগ থাকবে না। সব জনপ্রতিনিধি ও তাদের পরিবারকে বছরে দুবার সম্পদের হিসাব জাতির সামনে প্রকাশ করতে হবে।

তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে হবিগঞ্জের মৎস্য, বনজ ও খনিজ সম্পদের সুরক্ষা ও সুষম ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন করা হবে। পাশাপাশি হাদি, আবু সাইদ ও আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনকে কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের পক্ষে থাকার আহ্বান জানান জামায়াত আমির।

DR/FJ
আরও পড়ুন