‘সোচ্চার’ জরিপে

প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে তারেক রহমান 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর দিন যতই ঘনিয়ে আসছে, জনমনে ততই বাড়ছে কৌতূহল। আগামী দিনে দেশের হাল কে ধরবেন কিংবা কে হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ঠিক এমন সময়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘সোচ্চার’- তাদের একটি জরিপ সামনে এসেছে।


জরিপের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


প্রতিষ্ঠানটি ঢাকা মহানগরের চারটি গুরুত্বপূর্ণ আসন—ঢাকা-১১, ১৩, ১৫ এবং ১৭-কে কেন্দ্র করে এই জরিপ পরিচালনা করে। মোট ২ হাজার ২৪১ জন উত্তরদাতার ওপর ভিত্তি করে তৈরি এই জরিপে অংশগ্রহণকারীদের বয়স, শিক্ষা ও ভোটদানের ইচ্ছাকে বিশ্লেষণ করা হয়েছে। 
জরিপের ফলে দেখা যায়, তারেক রহমান এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান।

রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনে সরাসরি লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

জরিপ বলছে, এই আসনের ৩৫ শতাংশ ভোটার বিএনপি জোটকে এবং ৩২ শতাংশ ভোটার জামায়াত জোটকে সমর্থন করছেন। বিশেষ করে জয়ের সম্ভাবনার ক্ষেত্রে ৪৬ দশমিক ৪ শতাংশ ভোটার মনে করেন তারেক রহমানই এখানে জয়ী হবেন।

অন্যদিকে, ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ এবং ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের মধ্যে লড়াই হচ্ছে সমানে সমান। এখানে ৩৬ দশমিক ৮ শতাংশ ভোটার বিএনপিকে এবং ৩৪ শতাংশ ভোটার জামায়াত জোটকে পছন্দ করেছেন। এই আসনেও ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

ঢাকা-১৫ ও ঢাকা-১১ আসনে জামায়াত জোটের জয়জয়কার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আসন হিসেবে পরিচিত ঢাকা-১৫ তে ভোটারদের ঝোঁক সবচেয়ে বেশি জামায়াত জোটের দিকে। জরিপে দেখা গেছে, এই আসনের ৩৯ দশমিক ৫ শতাংশ ভোটার জামায়াতকে সমর্থন করছেন, যেখানে বিএনপি সমর্থক ৩০ শতাংশ। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক ভোটারই (৪৯ দশমিক ২ শতাংশ) মনে করেন ডা. শফিকুর রহমান এখান থেকে বিজয়ী হবেন।

একই চিত্র দেখা গেছে ঢাকা-১১ আসনেও, যেখানে নাহিদ ইসলাম জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে লড়ছেন। এই আসনে ৪১ দশমিক ৪ শতাংশ সমর্থক নিয়ে জামায়াত জোট বিএনপির (৩৭ শতাংশ) চেয়ে এগিয়ে রয়েছে। ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই দুটি আসন জামায়াত শিবিরের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে বলে জরিপ ইঙ্গিত দিচ্ছে।

প্রধানমন্ত্রীর দৌড়ে কে কতদূর?
জরিপে ভোটারদের কাছে সরাসরি জানতে চাওয়া হয়েছিল, ‘এই বছর কে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি মনে করেন?’ উত্তরের পরিসংখ্যানে তারেক রহমান ৪২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। অন্যদিকে, ডা. শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার।

উল্লেখ্য যে, এই দৌড়ে ১৬ দশমিক ২ শতাংশ ভোটার এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি এবং ১ দশমিক ৮ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে এই পদে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

লিঙ্গ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৭ শতাংশ নারী ভোটার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন। বিপরীতে ৩৪ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৫ শতাংশ নারী ভোটার ডা. শফিকুর রহমানকে সমর্থন দিয়েছেন।

SR/SN
আরও পড়ুন