ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি এবং নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই কর্মসূচি পালন করা হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জোটের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। আমরা এসব বিষয়ে কমিশনকে বিস্তারিত জানিয়েছি।’
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে সুপরিকল্পিতভাবে ভয়-ভীতি ছড়ানোর কারণে ভোটার উপস্থিতি কম ছিল। এছাড়া অনেক কেন্দ্রে ভোট গণনার সময় ১১ দলের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ‘আমরা বারবার কমিশন ও স্থানীয় প্রশাসনকে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো সন্তোষজনক পদক্ষেপ দেখতে পাইনি।’
হামিদুর রহমান আযাদ ঘোষণা করেন, নির্বাচনে কারচুপি এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।
বৈঠকে জোটের পক্ষ থেকে ৩২টি আসনে পুনরায় ভোট গণনা এবং নির্বাচনী অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
