নতুন গঠিত হতে যাওয়া বিএনপি সরকারের মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরপর বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের মূল শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক পাওয়ার ফলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে আজ বিকেলে শপথ নিতে যাচ্ছেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে এবার নিয়ে মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে তিনি ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছিলেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।
লক্ষ্মীপুরের এই হেভিওয়েট নেতা মন্ত্রিসভায় ডাক পাওয়ার খবরে তার নির্বাচনি এলাকা ও নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
নতুন মন্ত্রিসভার শপথ বিকেল ৪টায়
