ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করার সময় মাইক্রোবাসসহ মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মী এবং চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে ২০-২৫ জন নারী নেতাকর্মী হঠাৎ একটি মিছিল বের করেন। তারা ধানমন্ডি ৩ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে ধানমন্ডি মডেল থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ধাওয়া করে মহিলা আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, মিছিলকারীদের নিয়ে আসা একটি মাইক্রোবাসও ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে এবং ওই গাড়ির চালককেও আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু প্ল্যাকার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধভাবে মিছিল বের করা এবং শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মাঝেমধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে ছোট ছোট ঝটিকা মিছিল করার চেষ্টা করছেন। এর আগে পুলিশ সদর দপ্তর থেকে নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া হবে না বলে কঠোর নির্দেশনা জারি করা হয়েছিল।

DR
আরও পড়ুন