‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে অনুগত বিরোধীদল হবে না’ বলে জানিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা: শফিকুর রহমান এমপি বলেছেন, ‘দেশে একটা নির্বাচন হয়েছে, ফলাফল আমরা মেনে নিয়েছি। খুশিতে হোক আর অখুশিতে হোক। আমরা অতীতের কালচারে ফিরে যেতে চাইনি যে, নির্বাচন মানি না।’
তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, আমরা অনুগত বিরোধী দল হবো না। শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করবো না। সরকারের ভালো কাজের সবকিছু সমর্থন দেবো। মন্দ কিছু হলে রুখে দেবো।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, ‘অতীতের বিরোধী দলের মতো শুধু অন্ধের মতো বিরোধিতা করবো না। অতীতে অন্ধের মতো বিরোধিতা করে দেশের ক্ষতি করা হয়েছে। আমরা সেরকম বিরোধী দল হতে চাই না। যেটা সঠিক, সেটার সমর্থন দেবো।’
তিনি আরো বলেন, ‘সরকারি দল অপরাধ ও চাঁদাবাজি দূর করতে পারলে ৫ বছর পর দেশ বদলে যাবে। সরকার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে সবাইকে মাশুল দিতে হবে।’
ডা: শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ এ দেশে বিপুল জনশক্তি সৃষ্টি করেছেন। তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এ দেশের উন্নতি হবে। আমি সংসদে যেন সঠিক ভূমিকা রাখতে পারি, আপনারা সেই দোয়া রাখবেন।’
জামায়াত আমির বলেন, ‘রমজানের সবচেয়ে বড় বরকত হলো এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআন মানবতার বিধান। এ বিধান শুধু মুসলমানের জন্য নয়। এ বিধান সমস্ত সৃষ্টির জন্য। এ বিধান আল্লাহর চাইতে কেউ বেশি বুঝার নয়। এ বিধান মানবতার মুক্তির দূত রাসুলুল্লাহ (সা:) এর মাধ্যমে পাঠিয়েছেন। মহানবী (সা:) পুরো মানবজাতির আদর্শ।’
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রক্তাক্ত জুলাই আন্দোলনে বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন। আমরা সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। দেশে একটা নির্বাচন হয়েছে। আমরা বিরোধী দলে আছি। আমরা সবাই মিলে সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। এজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দেশের মানুষকে বড় ভূমিকা রাখতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, ‘আত্মশুদ্ধির মাসে ত্বাকওয়া অর্জন করতে পারাই মুমিনের প্রকৃত সফলতা। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে।
সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, খেলাফত মজলিসের নায়েবে আমির মাসউদ খান, সিলেট মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা এমরান আলমসহ ১১ দলের শীর্ষ নেতারা।
জামায়াত নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট অঞ্চল জামায়াতের সাবেক পরিচালক অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রব, মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করেন।

