খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের ডাক জামায়াতের

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের প্রাণহানির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ মার্চ) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেট থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করতেই এই কর্মসূচি।

বিক্ষোভে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং উত্তর মহানগরের আমির মো. সেলিম উদ্দিনসহ শীর্ষ নেতাদের।

এদিকে, খামেনির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান।

তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে। সামরিক উত্তেজনা আরও বাড়লে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। তিনি আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।

বার্তার শেষাংশে বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘসহ বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বানও জানান তিনি।

AS
আরও পড়ুন