সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন মেয়ে তাসনিম সিনহা।
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হামিদুর রহমান সিনহা ছিলেন বাংলাদেশের ওষুধ ব্যবসার অন্যতম পথিকৃৎ এবং প্রখ্যাত শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। বাবার মৃত্যুর পর ১৯৮৩ সাল থেকে মিজানুর রহমান সিনহা এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগ দেন। মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি দীর্ঘ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি সাময়িকভাবে রাজনীতি থেকে দূরে থাকার ঘোষণা দিলেও, সবশেষ ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুনরায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। রাজনীতির পাশাপাশি স্থানীয় সামাজিক উন্নয়ন ও দানশীলতায় তাঁর বড় অবদান রয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনসহ জেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার