কারামুক্ত হলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:৫৮ এএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

আট বছর পর মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জেলগেটে অসংখ্য নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আদালত সূত্রে জানা গেছে, ইসরায়েলি গোয়েন্দা সাফাদির সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে ২০১৬ সালের ১৬ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আসলাম চৌধুরীকে ঢাকা থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর তার বিরুদ্ধে ৭৬টি রাজনৈতিক মামলায় আটক দেখানো হয়।

অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন, ২০১৩ সালে ঢাকার কোতোয়ালী থানার রাজনৈতিক মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও ২০২১ সালে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। এরপর সব মামলায় জামিনের পর ২০২১ সালে ঢাকার কোতোয়ালী থানার ২০১৩ সালের আরেক রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সেবার মুক্তি প্রক্রিয়া আটকে দেয় সরকার। 

ওই মামলায় ২০২২ সালের ৫ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান আসলাম চৌধুরী। পরে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আপিল করেন। চেম্বার জজ আসলাম চৌধুরীর জামিন স্থগিত করে দেয়। 

এরপর ওই মামলা সোমবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়ে আসলাম চৌধুরীর জামিন বহাল রাখা হয়। অন্য কোনো মামলা না থাকলে অনতিবিলম্বে মুক্তির আদেশ দেন আপিল বিভাগ।

MB/FI
আরও পড়ুন