রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান: তারেক রহমান

‘রমজানের মূল প্রতিপাদ্য আল কুরআন। এ মাসে প্রতিটি নেক আমলে ফজিলত বহুগুণ বৃদ্ধি করা হয়।’

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে তারেক রহমান বলেছেন, রহমত, বরকত ও মাগফিরাতের মাস এই রমজান মাস। রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনে আত্মনিবিষ্ট হয় দেশ ও সারা দুনিয়ার মুসলমান।

শনিবার (১ মার্চ) দেয়া বাণীতে তারেক রহমান বলেন, ‘আগামীকাল (রোববার) থেকে পবিত্র মাহে রমজান শুরু। এ পবিত্র মাস আত্মসংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে নিজেদেরকে এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবেদিত রাখেন।’

তিনি বলেন, দেশ ও সারা দুনিয়ার মুসলমান রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনে আত্মনিবিষ্ট হয়। রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে এই মাসটি সম্মানিত। সারাদিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর ভালোবাসা অর্জন করেন। রমজানের মূল প্রতিপাদ্য আল কুরআন। এ মাসে প্রতিটি নেক আমলে ফজিলত বহুগুণ বৃদ্ধি করা হয়। মহান আল্লাহ বলেন, ‘রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ’। হাদিস অনুযায়ী, এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়।

তারেক রহমান বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়; মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।’

FJ
আরও পড়ুন