‘নির্বাচনে বিশেষ দলকে সুবিধা দিলে জনগণ মেনে নেবে না’

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

জাতীয় সংসদে আনুপাতিক হারে নির্বাচন ও উচ্চ-নিম্নকক্ষ গঠনের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না।

শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ ভোগান্তিতে রয়েছে। তাই নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন। এতে জনগণ বুঝতে পারবে ইসির সদিচ্ছা কতটুকু।

নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘নারীবিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না।’ দেশে ফিরেই এটি বাতিলের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আমিরে জামায়াত।

তিনি বলেন,‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবোনা। একই বাংলাদেশে, সকলের একই অধিকার থাকবে। যেখানে কোন শোষণ, জুলুম ও মানুষে মানুষে কোন বৈষম্য থাকবে না।’ 
 
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মহানগর জামায়েতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং মহানগর জামায়ের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী, নেত্রকোণা জেলা আমির অধ্যাপক সাদেক আহমেদ হারিছ, জামালপুর জেলা সেক্রটারি অ্যাডভোকেট আবদুল আওয়াল, ছাত্র শিবির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার প্রমূখ।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত