সারাদেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘরে হুমকির অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বিজয়ী দলগুলোকে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেন।

আসিফ মাহমুদ তার পোস্টে লিখেন, ‘সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন।’
তিনি আরও যোগ করেন,‘গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তবে তা আমাদের জন্য লজ্জাজনক হবে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত থেকেই বেসরকারি ফলাফল আসতে শুরু করে। এখন পর্যন্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরাও বেশ কিছু আসনে চমক দেখিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন।
নির্বাচনে একটি আসনও পেলো না জাতীয় পার্টি
