ভবিষ্যতে হজযাত্রীদের ওপর আর্থিক বোঝা কমাতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা পর্যালোচনার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম’ (আরআরএফ) এর নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী জানান, চলতি বছরের হজ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকায় এখনই বড় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। তবে আগামী বছর থেকে খরচের লাগাম টানতে মন্ত্রণালয় কাজ শুরু করবে। তিনি বলেন, ‘আগামী হজ মৌসুম থেকে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে। এবারের হজের সার্বিক প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে আগামী হজ থেকে যেন একটি ইতিবাচক পরিবর্তন আনা যায়, আমরা সেই চেষ্টা করব।’
জনগণের খেদমত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই মন্ত্রণালয়ের মূল উদ্দেশে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাজে সংবাদমাধ্যম সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যা আমাদের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে সাহায্য করে।’
রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি ধর্মমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক এবং সাংগঠনিক সম্পাদক আকতার হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রমজানের তিন দশকের বিশেষ দোয়া ও আমল
