আগামী হজের প্রাক-নিবন্ধন শুরু, সময় বেঁধে দিলো মন্ত্রণালয়

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম

২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য আজ বুধবার (১ জুলাই) থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি সরকারের ঘোষিত নতুন হজ রোডম্যাপের সাথে সামঞ্জস্য রেখে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় হজে গমনেচ্ছুদের এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ধর্মমন্ত্রীর কাছে এই রোডম্যাপ হস্তান্তর করেন।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম পুরোপুরি শেষ করতে হবে। এরপর আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে হজ ভিসা ইস্যু করা শুরু হবে এবং একই বছরের ৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট চালু হবে।

সবকিছু ঠিক থাকলে এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আইনি ও প্রশাসনিক জটিলতা এড়াতে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রাক-নিবন্ধন ও চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত