মিসরের এক খ্রিস্টান নাগরিকের মহানুভবতার গল্প মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি একটি প্রতিযোগিতা অংশ নিয়ে জেতা পুরস্কার ২০ বছরের মুসলিম প্রতিবেশীকে দিয়ে অনন্য নজির স্থাপন করেন। মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের ওমরা পালনের স্বপ্ন পূরণ করতে একটি কোরআনভিত্তিক ইসলামিক প্রতিযোগিতায় অংশ নেন মিনা নামের খ্রিস্টান ব্যক্তি।
শেষ পর্যন্ত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনা মূল্যে ওমরা পালনের সুযোগও জিতে নেন তিনি। তবে পুরস্কারটি নিজের জন্য নয়; শুরু থেকেই প্রতিবেশী উম্মে আলির হাতে তুলে দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য।
মিসরে ইসলামিক ধর্ম প্রচারক ড. আয়মান আবু ওমরের একটি লাইভ সম্প্রচার দেখছিলেন মিনা। সেখানে তিনি জানতে পারেন, তার দীর্ঘদিনের মুসলিম প্রতিবেশী উম্মে আলি, যিনি মোনা নামেও পরিচিত; কোরআনবিষয়ক প্রশ্নের জবাব দিয়ে একটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতার বিজয়ীর জন্য ছিল সম্পূর্ণ খরচে ওমরা পালনের সুযোগ। উম্মে আলির উমরা পালনের দীর্ঘদিনের ইচ্ছার কথা জানতেন মিনা। তাই নিজের ধর্মীয় পরিচয় নিয়ে কোনো দ্বিধা না করে তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। মিনা বলেন, ‘আমি খ্রিস্টান, কিন্তু এই ইসলামিক ধর্মীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমার একমাত্র লক্ষ্য ছিল উম্মে আলির জন্য ওমরার সুযোগটি জিতে নেওয়া।’
নিজের জয়ের সম্ভাবনা বাড়াতে তিনি ৫০ থেকে ৬০ বারেরও বেশি সঠিক জবাব জমা দেন। অবশেষে তার প্রচেষ্টা সফল হয়। প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নির্বাচিত হন মিনা; কিন্তু বিজয়ের আনন্দ নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী পুরস্কারটি তার মুসলিম প্রতিবেশী উম্মে আলিকে দেওয়ার সিদ্ধান্ত নেন।
উম্মে আলির কাছে ওমরা পালন ছিল বহুদিনের লালিত স্বপ্ন। তিনি এমন সময় পবিত্র মক্কায় যাওয়ার সুযোগ চেয়েছিলেন, যখন শারীরিকভাবে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ ও হাঁটাচলা করার সক্ষমতা তার থাকবে। মিনা যখন তাকে ওমরার সুসংবাদটি দেন, তখন আবেগে আপ্লুত হয়ে পড়েন উম্মে আলি। নিজের বাড়িতে বসেই তিনি আনন্দাশ্রু মুছতে থাকেন। মিনা বলেন, ‘আমি জানতাম না, ওমরা এত আনন্দ এনে দিতে পারে। যা উম্মে আলিকে দেখে বুঝেছি।’
'অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে চরম পদক্ষেপ নিতে পারে তেহরান'
এল নিনো নিয়ে জাতিসংঘের সতর্কতা