বাতাস থেকে পানি তৈরির যন্ত্রের উদ্ভাবন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

বিশ্বজুড়ে সুপেয় পানির সংকট যখন তীব্রতর হচ্ছে, তখন বাতাসের আর্দ্রতা থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের এক যুগান্তকারী যন্ত্র উদ্ভাবন করেছেন রসায়নে নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগি। ‘রেটিকুলার কেমিস্ট্রি’ নামক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই যন্ত্রটি এমনকি মরুভূমির মতো শুষ্ক পরিবেশ থেকেও পানি উৎপাদন করতে সক্ষম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট খরা বা ঘূর্ণিঝড়ে যখন কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই যন্ত্রটি জীবন রক্ষাকারী বিকল্প হিসেবে কাজ করবে।

কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
অধ্যাপক ওমর ইয়াগি প্রতিষ্ঠিত কোম্পানি ‘অ্যাটোকো’ জানিয়েছে, ২০ ফুট শিপিং কনটেইনারের সমান আকারের একটি ইউনিট প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করতে পারে। যন্ত্রটি খুব সামান্য তাপশক্তিতে চলে এবং বিদ্যুৎবিহীন দুর্গম এলাকাতেও এটি কার্যকরভাবে কাজ করতে সক্ষম। সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (Desalination) পদ্ধতির তুলনায় এটি অনেক বেশি পরিবেশবান্ধব, কারণ এতে কোনো লবণাক্ত বর্জ্য তৈরি হয় না।

খরাপ্রবণ অঞ্চলের জন্য নতুন আশা
২০২৪ সালে ঘূর্ণিঝড় বেরিলে লণ্ডভণ্ড হওয়া ক্যারিবীয় অঞ্চলের গ্রেনাডা, ক্যারিয়াকু ও পেতিত মার্তিনিকের মতো দ্বীপগুলোর জন্য এই প্রযুক্তি আশীর্বাদ হয়ে আসতে পারে। ক্যারিবীয় কর্মকর্তা ডেভন বেকার জানান, পানি আমদানির উচ্চ ব্যয় এবং অবকাঠামোগত ক্ষতির ঝুঁকি কমাতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর।

শৈশবের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা
জর্ডানের শরণার্থী শিবিরে পানির তীব্র সংকটের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন অধ্যাপক ওমর ইয়াগি। সেই শৈশবের কষ্টই তাকে এই গবেষণায় অনুপ্রাণিত করেছে। সম্প্রতি জাতিসংঘের এক তথ্যানুযায়ী, বিশ্বের প্রায় ৭৫ শতাংশ মানুষ নিরাপদ খাবার পানির অভাবে রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর সংকট মেটাতে ইয়াগির এই উদ্ভাবন এক নতুন দিগন্ত উন্মোচন করল।

ওমর ইয়াগির মতে, ‘জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানের কাছে সমাধান রয়েছে, এখন শুধু প্রয়োজন বিশ্বজুড়ে এর সঠিক প্রয়োগ ও কার্যকর পদক্ষেপ।’

DR/SN
আরও পড়ুন