টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ এএম

ভারত-পাকিস্তান এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই এখন আর আগের মতো জমে না। সাম্প্রতিক সময়ে আইসিরি ইভেন্টগুলোতে নেই সেই চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতা। একপাক্ষিক আধিপত্যে নতুন করে রেকর্ড বই লিখছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও ভারতের কাছে কোনো পাত্তা পেলো না পাকিস্তান। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। টানা তিন জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠল সূর্যকুমার যাদবের দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে ভারত। জবাব দিতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১২ বল বাকি থাকতেই ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন সাহিবজাদা ফারহান। আর জাস্প্রিত বুহরাহের করা দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। এদিকে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে থামে বাবর আজমের ইনিংসও।

এই চার উইকেট হারিয়েই ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান। এরপর উসমান খান ও শাদাব খান মিলে জয়ের ক্ষুদ্র প্রয়াস চালালেও হার ঠেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পাকিস্তানের ইনিংস থামে ১১৪ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি খেলেন উসমান খান। ১৪ রান করেন শাদাব খান। এছাড়া ফাহিম আশরাফ ১০ ও শাহিন আফ্রিদি ২৩ রান করেন। বাকি ব্যাটারদের কেউ দশের কোটাই পূরণ করতে পারেননি।

এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে ভারত।

৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। এদিকে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান পাকিস্তানের। আর পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। 

HN
আরও পড়ুন