সুইডেনের সঙ্গে ড্র করে নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৯:০১ এএম

প্রথমার্ধের গোলখরা কাটিয়ে দ্বিতীয়ার্ধের রোমাঞ্চকর লড়াই শেষে ১-১ সমতায় মাঠ ছেড়েছে জাপান ও সুইডেন। আর এই ড্রয়ের সুবাদে গ্রুপ রানার্সআপ হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে এশিয়ার পরাশক্তি জাপান। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ১৬-তে জাপানের মুখোমুখি হবে বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমলেও ডেডলক ভাঙে বিরতির পর। ম্যাচের ৫৬ মিনিটে ডেডলক ভেঙে জাপানকে এগিয়ে নেন দাইজেন মায়েদা। সতীর্থ রিতসু দোয়ানের একটি চমৎকার থ্রু পাস থেকে বক্সের মাঝখানে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জালের নিচের বাঁ কোণে জড়িয়ে দেন মায়েদা। এই গোলের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লু সামুরাইরা।

জাপানের এই স্বস্তি অবশ্য খুব বেশি সময় স্থায়ী হতে দেয়নি সুইডেন। গোল হজমের ঠিক ৬ মিনিট পর, অর্থাৎ ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরে ইউরোপের দলটি। ভিক্টর গিয়োকেরেসের পাস থেকে বক্সের বাইরে বল পান অ্যান্থনি এলাঙ্গা। সেখান থেকে বাঁ পায়ের এক দুর্দান্ত দূরপাল্লার শটে বল জালের নিচের বাঁ কোণ দিয়ে জালে পাঠালে স্তব্ধ হয়ে যায় জাপানি শিবির।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ১ পয়েন্টের কল্যাণে গ্রুপ ‘এফ’-এর দ্বিতীয় স্থান নিশ্চিত করে পরের রাউন্ডে পা রাখলো জাপান। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ান জায়ান্টরা।

YA
আরও পড়ুন