আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো : দিনক্ষণ নির্ধারণ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৫১ এএম

আন্তর্জাতিক ফুটবলের রঙিন অধ্যায় শেষ করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার শেষ লড়াই।

ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের বরাত দিয়ে গোল ডট কম জানায়, স্পোর্টিং লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ২৪ সেপ্টেম্বরের ম্যাচেই শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে রোনালদোকে।

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুসের অধীনে দলটিতে বড় কোনো তাৎক্ষণিক পরিবর্তন আসছে না। জেসুস সম্প্রতি চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়ার পর রোনালদোর বিদায়ী সংবর্ধনার পথ সহজ হয়েছে।

ক্যানাল ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসুস জানান, নতুন কোচ এলেই হুট করে পুরো দল বদলে ফেলা বুদ্ধিমানের কাজ হবে না। তাই রোনালদোকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানানোর সুযোগ তৈরি হচ্ছে।

ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলে রোনালদো রেখে যাবেন এক অনন্য ও অবিশ্বাস্য কীর্তি। পর্তুগালের হয়ে ২৩৩টি ম্যাচে তিনি সর্বোচ্চ ১৪৬টি গোল করেছেন।

জাতীয় দলের পোশাকে তার অর্জনও অসাধারণ। ২০১৬ সালের ইউরো কাপ জয়ের পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে দু-দুটি নেশনস লিগ শিরোপা উঁচিয়ে ধরেছেন ৪১ বছর বয়সী এই তারকা।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে আরও কিছুদিন দেখা যাবে রোনালদোকে। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।

পেশাদার ক্যারিয়ারে রোনালদোর বর্তমান মোট গোলসংখ্যা ৯৭৬টি। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পর ক্লাবের হয়ে তার মূল লক্ষ্য থাকবে ক্যারিয়ারে ১০০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করা।

তথ্যসূত্র/সোর্স: গোল ডট কম (Goal.com)

HN
আরও পড়ুন