একই দলের হয়ে খেলবেন মেসি-রোনালদো

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

বর্তমান বিশ্বফুটবলের দুই মহাতারকা মেসি ও রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে তাদের লড়াই দেখেছে পুরো ফুটবল বিশ্ব। এবার সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলের হয়ে মাঠে নামানোর স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ।

নিজের বিদায়ী ম্যাচকে ঘিরেই এমন পরিকল্পনা করছেন তেভেজ। আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মেসি ও রোনালদোকে একই ম্যাচে খেলানোর ব্যাপারে তিনি নিজেই উদ্যোগ নেবেন। দুই তারকার সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগও রয়েছে বলে জানান সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তেভেজের পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি হতে পারে বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে। বোকা জুনিয়র্সের সভাপতি রোমান রিকুয়েলমের কাছ থেকেও নাকি এ আয়োজনের ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ডিসেম্বরের ১২, ১৩ অথবা ১৯ তারিখের কোনো এক দিন ম্যাচটি আয়োজনের লক্ষ্য নেওয়া হয়েছে।

তেভেজ অবশ্য শুধু মেসি-রোনালদোকে নিয়েই থামছেন না। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস এবং ওয়েস্ট হ্যামের মতো ক্লাবে খেলা তেভেজ তার ক্যারিয়ারের প্রায় ৬০ জন বিশ্বসেরা তারকাকে এই ম্যাচে জড়ো করতে চান তিনি।

তার পরিকল্পিত তালিকায় রয়েছেন, গোলরক্ষক; এডউইন ভ্যান ডার সার, জিয়ানলুইজি বুফন, ডিফেন্ডার; রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ, জর্জিরিও কিয়েলিনি, লিওনার্দো বোনুচ্চি, পাট্রিক ভিয়েরা। মিডফিল্ডার: আন্দ্রেয়া পিরলো, পল স্কোলস, হুয়ান রোমান রিকুয়েলমে। ফরোয়ার্ড: ওয়েন রুনি, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে এখনো কারও কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি। তেভেজের ভাবনা অনুযায়ী, একদিকে থাকবে তার শৈশবের বন্ধুদের নিয়ে গড়া দল, অন্যদিকে খেলবেন তার সাবেক তারকা সতীর্থরা।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে পারে বিরল এক দৃশ্য; একই জার্সিতে মেসি ও রোনালদো। এতদিন যাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ফুটবল বিশ্ব বিভক্ত ছিল, সেই দুই তারকাকে এবার একই দলের হয়ে খেলতে দেখার সুযোগ তৈরি হতে পারে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত