টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে নাসুম-মেহেদী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম

টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঢুকেছেন বাংলাদেশের স্পিন জুটি নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ। মেহেদী হাসান ১০ ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন।

এদিকে, প্রথমবার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পেয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪৩ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১৮ ধাপ এগিয়েছেন তিনি। তাতে ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে উঠে এসেছেন আইয়ার। এই পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এখন ভারতের তৃতীয় সর্বোচ্চ র‍্যাঙ্কধারী ব্যাটার তিনি।

ভারতেরই ঈশান কিষান শীর্ষস্থান ধরে রেখেছেন। অপরাজিত ২৭ বলে ৩৭ রান করা ঈশান আছেন এক নম্বরে। ১০ বলে ২১ রান করা অভিষেক শর্মা আছেন দুই নম্বরে। এই দুজনের পর এবং শ্রেয়াসের আগে রয়েছেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জস বাটলার এবং দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড। ভারতের বিপক্ষে ৩৪ বলে ৫৬ রান করা এই ব্যাটার ৪৭তম স্থান থেকে উঠে এসেছেন ৩৭তম স্থানে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন পাকিস্তানের আবরার আহমেদ। নতুন করে এক নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের রশিদ খান। এশিয়ান গেমসের সেমিফাইনালে আবরার কোনো উইকেট না নিয়ে ২৯ রান এবং ফাইনালে ২৯ রানে ১ উইকেট নিয়েছিলেন। সেই পারফরম্যান্স তাকে শীর্ষস্থান ধরে রাখার জন্য যথেষ্ট ছিল না। বর্তমানে দুই নম্বরে আছেন তিনি। অন্যদিকে রশিদ খান ক্যারিয়ারে অষ্টমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন। এই অবস্থানে অন্য যে কোনো বোলারের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় কাটিয়েছেন আফগান তারকা।

জেএম
আরও পড়ুন