রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দল হারের পর পিসিবি প্রধান মহসিন নাকভিকে দায়ী করেছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জেল থেকে এক বার্তায় এসব কথা বলেন ইমরান।
বেশ কয়েকটি মামলায় এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক বাংলাদেশের কাছে হার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিশানা বানান। ইমরানের অফিসিয়াল এক্স পোস্টে বলা হয়, প্রথমবার পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে পারেনি। এবার বাংলাদেশের বিপক্ষে আমাদের বিব্রতকর এক হারের সাক্ষী হতে হয়েছে।
পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে ইমরানের মূল্যায়ন, ‘আড়াই বছর আগে ভারতকে এই দল (পাকিস্তান) ১০ উইকেটে হারিয়েছিল। গত আড়াই বছরে এমন কী হয়েছে যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই ধসের দায় একটা প্রতিষ্ঠানের (পিসিবি) ওপরই পড়বে।
পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির সমালোচনা করে ইমরান বলেন, ক্রিকেটই একমাত্র খেলা যেটা পুরো জাতি এক হয়ে টিভিতে উপভোগ করে। কিন্তু ক্ষমতাসীনরা একজন অযোগ্য এবং উপকারভোগী ব্যক্তিকে নিয়োগ দিয়ে ক্রিকেটকে ধ্বংস করেছে।