জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাধীন তদন্ত কমিটি এই প্রতিবেদন জমা দেয়। ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এর আগে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া অবস্থানকালে এক সাংবাদিকের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলাম তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন।

জাহানারার এই অভিযোগের পর বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এবং শুরুতে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়। তবে তদন্তের স্বার্থে তিন দফা সময় বাড়ানো হয়। সর্বশেষ নির্ধারিত সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। সেই সময়সীমা পার হওয়ার দুই দিন পর সোমবার প্রতিবেদনটি বিসিবি প্রধানের হাতে পৌঁছাল।

তদন্ত প্রতিবেদনে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে কি না বা বিসিবি কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে, সে বিষয়ে কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি বিসিবি থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

DR/SN
আরও পড়ুন