আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অষ্টম উইকেটে জুটিতে উইন্ডিজের বিশ্বরেকর্ড

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের আহমেদাবাদে আগে ব্যাটিংয়ে নেমে তাদের ৮৯ রানের জুটির সুবাদে বিপর্যয়ের মুখে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছেছে।

ম্যাচের শুরুতেই পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার শেই হোপ মাত্র ৬ বলে ১৬ রান করেন, আর আগের ম্যাচের জয়ের নায়ক শিমরন হেডমায়ার মাত্র ৩ রান করতে সক্ষম হন। এরপর ব্রেন্ডন কিং ১১ বলে ২১, রোভম্যান পাওয়েল ১১ বলে ৯, রোস্টন চেজ ২ বলে ২ এবং শেরফাইন রাদারফোর্ড ১০ বলে ১২ রান যোগ করেন।

চাপে পড়ে দলই অষ্টম উইকেটে রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারের অবিশ্বাস্য জুটি গড়ে। তাদের ৮৯ রানের জুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড স্থাপন করেছে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন নেদারল্যান্ডসের প্রেস্টন মোমসেন ও এসএম শরিফ।

জুটি গড়ার সময় দুজনেই অর্ধশতকের পথে ছিলেন। তবে ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলেই রান আউট হয়ে সাজঘরে ফিরেন জেসন হোল্ডার, ৩১ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। রোমারিও শেফার্ড শেষ বলে চার হাঁকিয়ে ৩৭ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস পূর্ণ করেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন লুঙ্গি এনগিডি। দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও করবিন বচ। শেষ পর্যন্ত অষ্টম উইকেটে গড়া জুটি ছাড়া ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোরে।

AS/FJ
আরও পড়ুন