সৌদি থেকে দেশে ফিরলেন মুশফিক

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে আকাশপথ বন্ধ হওয়ায় সৌদি আরবে আটকে পড়া জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম অবশেষে দেশে ফিরেছেন। 

সোমবার (২ মার্চ) সকাল ১০টায় একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পবিত্র ওমরাহ পালন শেষে গত শুক্রবারই (২৮ ফেব্রুয়ারি) মুশফিকের দেশে ফেরার কথা ছিল। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা অনিরাপদ হয়ে পড়ায় জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি। শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেও মাঝপথ থেকে বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।

দীর্ঘ উৎকণ্ঠার পর রোববার (১ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেন মুশফিক। তিনি লেখেন, ‘বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা থাকব। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন তাদের ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন।’

মুশফিকের আটকে পড়ার বিষয়টি শুরু থেকেই পর্যবেক্ষণ করছিল বিসিবি ও সরকারের উচ্চপর্যায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগতভাবে মুশফিকের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বয় করছেন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে সুস্থ শরীরে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন মুশফিকের পরিবার ও ভক্তরা।

NB/
আরও পড়ুন
সর্বশেষপঠিত