পাকিস্তানকে ধবলধোলাই করে নতুন উচ্চতায় বাংলাদেশ

আপডেট : ২০ মে ২০২৬, ১২:৫৮ পিএম

মিরপুর টেস্টের পর সিলেটেও দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানকে হোয়াইটওয়াশ (ধবলধোলাই) করল বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের জয়ে এক নতুন ইতিহাস গড়ল টাইগাররা। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে এমন কৃতিত্ব এক নতুন উচ্চতায় নিয়ে গেলো টাইগারদের।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭ রান। ফলে শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল আরও ১২০ রান, আর ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩ উইকেট।

আজ পঞ্চম ও শেষ দিনের সকালে পাকিস্তানের পক্ষে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দিনের শুরুতেই রিজওয়ানকে সাজঘরে ফেরানোর একটি সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে নাহিদ রানার বলে স্লিপে ওঠা ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ।

নতুন জীবন পেয়ে রিজওয়ান ও সাজিদ খান অষ্টম উইকেটে অর্ধশতাধিক রানের জুটি গড়ে তোলেন। তাদের এই প্রতিরোধে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল পাকিস্তান। তবে সফরকারীদের সেই স্বপ্ন এবং বিপজ্জনক হয়ে ওঠা জুটিটি ভেঙে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে (৩৬ বলে ২৮ রান) ফিরিয়ে টেস্ট ক্রিকেটে নিজের আরও একটি ৫ উইকেট শিকারের মাইলফলক পূর্ণ করেন তাইজুল।

সাজিদের বিদায়ের পর আর বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। দ্রুতই বাকি উইকেটগুলো তুলে নিয়ে ৭৮ রানের দারুণ এক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের ফলে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতে মাঠেই ইতিহাস উদযাপনে মাতে শান্ত-মিরাজরা।

SN
আরও পড়ুন