যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১০:৫২ এএম

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এই আসরে গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে ফিরে যাওয়ার বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার জোরালো ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমানে যা ঘটছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের পর আমাদের পক্ষে সে দেশে গিয়ে বিশ্বকাপ খেলা প্রায় অসম্ভব। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের ক্রীড়া প্রধানরা।’

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ইরান তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা ছিল। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মিশন শুরু হওয়ার কথা। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামার কথা ছিল দলটির। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই সূচি এখন চরম অনিশ্চয়তার মুখে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানে বর্তমানে মানবিক বিপর্যয় চলছে। এর প্রভাব পড়েছে খেলার মাঠেও। দেশটিতে বর্তমানে সব ধরনের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিমানে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ইরানে থাকা বিদেশি খেলোয়াড়রা নিজ দেশে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন।

শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে চালানো হামলায় তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতীয় এই সংকটের মুহূর্তে ফুটবল ফেডারেশন সভাপতির এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন সুতোয় ঝুলছে।

NB/
আরও পড়ুন