গ্যালারিতে ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদ, আইরিশ কোচের দাবি 'খেলা নষ্ট হচ্ছে'

আপডেট : ২৯ মে ২০২৬, ১০:১২ পিএম

আয়ারল্যান্ডের এভিভা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মাঠে প্রবেশ ও টেনিস বল ছুড়ে প্রতিবাদের ঘটনায় ম্যাচের স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ হেইমির হলগ্রিমসন।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত এভিভা স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি ম্যাচে ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্টরা মাঠে প্রবেশ করে টেনিস বল ছুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বলগুলোর গায়ে ফিলিস্তিনের পতাকার প্রতীক ছিল। একই সঙ্গে গ্যালারিতে “স্টপ দ্য গেম” লেখা ব্যানার প্রদর্শন করে তারা ইসরায়েলের বিরুদ্ধে বয়কটের আহ্বান জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে ম্যাচ চলাকালীন কিছু সময়ের জন্য খেলার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের মধ্যে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত উত্তেজনা।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হেইমির হলগ্রিমসন বলেন, প্রতিবাদের অধিকার থাকলেও এর একটি নেতিবাচক প্রভাব রয়েছে। তার ভাষায়, কেউ যদি খেলার পরিবেশ নষ্ট করতে চায়, সেটি দলের জন্য অস্বস্তিকর এবং ফুটবলের মূল কাঠামোর জন্য ক্ষতিকর।

তিনি আরও জানান, খেলাটিকে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে টেনে আনা দুঃখজনক এবং এটি খেলোয়াড়দের মনোযোগ ও পারফরম্যান্সেও প্রভাব ফেলে।

এদিকে আন্তর্জাতিক ফুটবলে রাজনৈতিক ইস্যু নিয়ে এমন প্রতিবাদের ঘটনা নতুন নয়। এর আগে নরওয়ের ফুটবল ফেডারেশন ঘোষণা দেয়, ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ থেকে অর্জিত অর্থ গাজার মানবিক সহায়তায় দান করা হবে। ফেডারেশনটির দাবি, চলমান মানবিক সংকটে তারা নীরব থাকতে পারে না। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত