ইউটিউবে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ

আপডেট : ৩০ মে ২০২৬, ০৬:০২ পিএম

ফুটবল বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব নিয়ে ভারত ও বাংলাদেশে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে জানা গেছে, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো–র বিনিয়োগে পরিচালিত একটি ইউটিউব চ্যানেল আসন্ন বিশ্বকাপের ১০৪টি ম্যাচই বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে। তবে এই সুবিধা শুধু একটি দেশের দর্শকদের জন্যই সীমাবদ্ধ থাকবে।

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর–এর হয়ে খেলা রোনালদো সম্প্রতি ব্রাজিলভিত্তিক স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোড–এ বিনিয়োগ করেছেন। প্রতিষ্ঠানটি অংশীদারত্ব করেছে কেজটিভি–এর সঙ্গে, যারা ইউটিউবের মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করার পরিকল্পনা নিয়েছে।

ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল ২০২২ সালে লাইভমোডের সহযোগিতায় কেজটিভি চালু করেন। ওই বছর বিশ্বকাপের নির্বাচিত কিছু ম্যাচ সম্প্রচারের পর তারা ধারাবাহিকভাবে বড় ক্রীড়া আসর সম্প্রচার করে আসছে। এর মধ্যে রয়েছে ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিক গেমস।

আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের দর্শকদের জন্য চারকে রেজোলিউশনে ম্যাচ স্ট্রিম করার পরিকল্পনা রয়েছে কেজটিভির। পাশাপাশি পর্দার পেছনের নানা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তরুণ দর্শকদের জন্য বিশেষ ইন্টারঅ্যাক্টিভ কনটেন্টও প্রচার করা হবে।

তবে বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য রয়েছে হতাশার খবর। ইউটিউব বা টুইচে কেজটিভির সম্প্রচার চালু থাকলেও ব্রাজিলের বাইরে থাকা ব্যবহারকারীরা ম্যাচগুলো দেখতে পারবেন না। কারণ প্রতিষ্ঠানটি কেবল ব্রাজিল অঞ্চলের ডিজিটাল সম্প্রচারস্বত্ব কিনেছে। ফলে ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীরা এই ফ্রি সম্প্রচারের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এগিয়ে রয়েছে  'জি'। তাদের ক্রীড়া চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচারের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা গেছে।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত