বিশ্বকাপের আগে অপ্রতিরোধ্য জার্মানি, ঘরের মাঠে হারলো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:৩৮ এএম

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল জার্মানি। শনিবার এক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। লেরয় সানের ৫৭তম মিনিটের জয়সূচক গোলে এই জয় নিশ্চিত হয়। এই নিয়ে টানা ৯টি ম্যাচে জয় পেল চারবারের চ্যাম্পিয়নরা। আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে।

ম্যাচের শুরুতে মাত্র দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে হেড করে জার্মানিকে এগিয়ে নিয়েছিলেন কাই হ্যাভার্টজ। তবে ৩৭তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে গোল করে যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান অ্যান্টনি রবিনসন। এরপর ৫৭তম মিনিটে হ্যাভার্টজের ছোট পাস ধরে মাইলস রবিনসনের পায়ের ফাঁক দিয়ে শট নিয়ে জার্মানির জয় নিশ্চিত করেন সানে।

এই হারের ফলে ২০২২ সাল থেকে ইউরোপিয়ান প্রতিপক্ষদের কাছে টানা নবম পরাজয় দেখল ১৬তম র‌্যাঙ্কিংয়ে থাকা যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের আগের শেষ প্রীতি ম্যাচে কখনো হারার রেকর্ড ছিল না আমেরিকানদের। কিন্তু শিকাগোর ঘরের মাঠ সোলজার ফিল্ডে ৬৩ হাজারের বেশি দর্শকের সামনে এবার তাদের হতাশ হতে হলো।

১৯৯৪ সালের পর এবারই প্রথম বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে, যেখানে পরবর্তীতে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও তুরস্কের। অন্যদিকে, ২০১৪ সালের পর গত দুটি আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। এবার সেই পুরোনো ব্যর্থতা ঘুচানোর লক্ষ্যেই টানা জয়ের দুর্দান্ত ছন্দ নিয়ে মাঠে নামছে তারা।

SN
আরও পড়ুন