মরক্কো ম্যাচে ব্রাজিলের একাদশ চূড়ান্ত

আপডেট : ০৭ জুন ২০২৬, ১১:০৭ এএম

বিশ্বকাপের আগে ব্রাজিল দলের চূড়ান্ত প্রস্তুতি শেষ। আর প্রস্তুতি ম্যাচগুলোর পারফরম্যান্স দেখে প্রথম ম্যাচের একাদশও প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার সময়ই কয়েকজন পরিচিত ফুটবলারের বাদ পড়া নিয়ে আলোচনা হয়েছিল। পরে চূড়ান্ত স্কোয়াড ২৬ জনে নামিয়ে আনতে গিয়ে নিজের পছন্দের সব খেলোয়াড়কে রাখতে না পারার আক্ষেপও প্রকাশ করেছিলেন ইতালিয়ান কোচ। তবে এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেরা একাদশ নির্বাচন, আর সেটিরও সমাধান খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে রোববার মিসরকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখা সেলেসাওরা এর আগে মারাকানায় পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল। দুই প্রস্তুতি ম্যাচেই বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়দের মাঠে নামিয়ে সমন্বয় যাচাই করার সুযোগ পেয়েছেন আনচেলত্তি।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, “মরক্কোর বিপক্ষে খেলার জন্য আমার প্রাথমিক লাইনআপ ঠিক হয়ে গেছে। এখন বিষয়টি নিয়ে আমার ধারণা পরিষ্কার।”

১১ জুন বিশ্বকাপ শুরু হলেও ব্রাজিল মাঠে নামবে ১৪ জুন ভোর ৪টায়। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার বোঝাপড়ায় সন্তুষ্ট আনচেলত্তি। তিনি বলেন, “ভিনিসিয়ুস ও রাফিনিয়া খুব ভালো সমন্বয় গড়ে তুলেছে। তাদের পারস্পরিক বোঝাপড়া আমাদের আক্রমণে বাড়তি সুযোগ তৈরি করবে।”
তবে ডিফেন্ডার ওয়েসলির চোট নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে ব্রাজিল শিবিরে। আনচেলত্তি জানান, “ওয়েসলির মাংসপেশিতে সমস্যা হয়েছে। চূড়ান্ত অবস্থা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা দুর্ভাগ্যজনক, তবে আমাদের বিকল্প খেলোয়াড় রয়েছে।”

তিনি আরও জানান, বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা এই দুই ডিফেন্ডার দ্রুতই পূর্ণ প্রস্তুতিতে ফিরবেন বলে আশা করছেন তিনি।
বিভিন্ন পজিশনে খেলোয়াড়দের বহুমুখী দক্ষতারও প্রশংসা করেন ব্রাজিল কোচ। “দানিলো একাধিক পজিশনে খেলতে পারে। ওয়েসলি না থাকলে তাকে রাইটব্যাকে ব্যবহার করা যেতে পারে। ইবানেজও ওই ভূমিকায় খেলতে সক্ষম, যেমনটা আমরা পানামার বিপক্ষে দেখেছি,” বলেন আনচেলত্তি।

মিসরের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তিনি বলেন, “প্রথম ৬০ মিনিট আমরা দারুণ খেলেছি। রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই দল পরিকল্পনা অনুযায়ী খেলেছে। খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতাও ছিল, যা আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।”

তরুণ ফরোয়ার্ড এন্ড্রিকের প্রশংসা করে আনচেলত্তি বলেন, “এন্ড্রিক অসাধারণ প্রতিভাবান। সে নিজের অবস্থানে ভালো খেলেছে এবং গোলও পেয়েছে। তবে শুধু সে নয়, দলের প্রত্যেক খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ।”

ম্যাথিউস কুনহার ভূমিকাও তুলে ধরেন ব্রাজিল কোচ। তার ভাষায়, “কুনহা হয়তো এন্ড্রিকের মতো ফিনিশিং করতে পারেনি, কিন্তু খেলার গঠন ও আক্রমণ তৈরিতে তার অবদান গুরুত্বপূর্ণ। এছাড়া রায়ান আজ খেলেনি, কিন্তু সেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সফলতার জন্য শুধু প্রথম একাদশ নয়, বেঞ্চের শক্তিও সমান গুরুত্বপূর্ণ।”

AM/SN
আরও পড়ুন