প্রথমবার বিশ্বকাপের নকআউটে আফ্রিকার দলটি

ইতিহাস লিখলো কঙ্গো, যেভাবে নিশ্চিত হলো নকআউট

আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:০৮ পিএম

দীর্ঘ ৫২ বছর অপেক্ষার পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়ল গণতান্ত্রিক কঙ্গো। আফ্রিকার দলটি উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ ‘কে’-তে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য কঙ্গোর জন্য ভালো ছিল না। ১০ মিনিটেই এলদর শোমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। এরপর বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েও দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না কঙ্গো। প্রথমার্ধে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে।

৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইয়োয়ানে উইসা। আবদুকোদির খুসানোভের ফাউলে স্পটকিক পায় কঙ্গো, আর সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি নিউক্যাসল ইউনাইটেডের এই ফরোয়ার্ড। সমতায় ফেরার মাত্র ১০ মিনিট পর বদলি খেলোয়াড় ফিস্তন মায়েলের গোলে প্রথমবারের মতো লিড নেয় কঙ্গো। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন উইসা।

এটি কঙ্গোর বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়ও। এর আগে ১৯৭৪ সালে জায়ারের নামে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল দেশটি। সেবার তিন ম্যাচের সবকটিতে হেরে একটি গোলও করতে পারেনি তারা; বরং ১৪ গোল হজম করেছিল, যার মধ্যে যুগোস্লাভিয়ার বিপক্ষে ৯-০ ব্যবধানে হার ছিল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় পরাজয়।

দ্বিতীয়বার বিশ্বকাপে এসে অবশ্য ভিন্ন এক কঙ্গোকে দেখা গেছে। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম গোল ও প্রথম পয়েন্ট অর্জন করে তারা। এরপর কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হারের পর শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করল আফ্রিকার দলটি। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

AM/SN
আরও পড়ুন