বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে আজ (সোমবার, ২৯ জুন) নকআউট পর্বের অভিযান শুরু করছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় এশিয়ার শক্তিশালী দল জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি শেষ গ্রুপ ম্যাচে যে একাদশ খেলিয়েছিলেন, তাতে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম।
তবে ব্রাজিলিয়ান ভক্তদের জন্য স্বস্তির খবর এই ম্যাচে তারা আরও বেশি সময় নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারেন। তার চোট পুনর্বাসনের প্রক্রিয়ার প্রশংসা করে আনচেলত্তি জানিয়েছেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’
জাপানের বিপক্ষে একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, বেশি পরিবর্তন যে আসছে না সেই ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে, আর এটা আমাদের শেষ অনুশীলনের সময় চূড়ান্ত হয়। দিন শেষে আমাদের ম্যাচে পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ব। যারা খুব শৃঙ্খলিত এবং আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে কী করতে হবে।’
সবমিলিয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যে একাদশ নিয়ে নেমেছিল, সেটাতে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশেষ করে রক্ষণ, মিডফিল্ড এবং আক্রমণভাগে সেলেসাও কোচ নিজের পছন্দের সমন্বয় খুঁজে পেয়েছেন বলেই মনে হচ্ছে। চোটে পড়ার আগে লেফট উইংয়ে রাফিনিয়া নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। তার জায়গা স্কটিশদের বিপক্ষে নেমে পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন রায়ান। এ ছাড়া নেইমার আগের ম্যাচে ৭৫ মিনিটে নামলেও, জাপানের বিপক্ষে আরও বেশি সময় পেতে পারেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস ও ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র
গ্রুপপর্বে মেসির সমান গোল করতে পারেনি ৩০ দেশ
ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলো আড়াই লাখ ডলার অনুদান
বিশ্বকাপের ইতিহাসে চার বিতর্কিত লাল কার্ড