রোনালদোর মানবিকতায় মুগ্ধ বিশ্ব

ভেনেজুয়েলায় ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও প্রায়ই প্রশংসিত হন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে আবারও আলোচনায় এসেছেন পর্তুগিজ এই মহাতারকা।

শনিবার (৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সম্প্রতি ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই দুর্যোগে লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেস একটি পা হারান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কঠিন এই সময়েও আন্দ্রেসের একটি ছোট্ট স্বপ্ন ছিল। বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার সংগ্রহ করতে চেয়েছিলেন তিনি। শিশুটির সেই ইচ্ছার কথা পৌঁছে যায় রোনালদোর কাছে। এরপর পর্তুগালের জার্সি গায়ে একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান এই তারকা ফুটবলার।

ভিডিওবার্তায় রোনালদো বলেন, "হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো। আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।"

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, উদার কয়েকজন দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি ইতোমধ্যে হাতে পেয়েছে আন্দ্রেস।

শুধু তাই নয়, রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছেন এই কিশোর।

এর আগে ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ পাঠানোর উদ্যোগও নিয়েছিলেন রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

AM/AHA
আরও পড়ুন