ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে আবারও ম্যাচসেরা লিওনেল মেসি। দুটি দুর্দান্ত অ্যাসিস্টে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে তুলেছেন অধিনায়ক। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন। বার্সেলোনায় দীর্ঘ ১৬ বছর খেলার অভিজ্ঞতা থেকে স্প্যানিশ ফুটবল সম্পর্কে ভালো ধারণা থাকলেও, মেসির মতে বিশ্বকাপের ফাইনাল হওয়ায় এই ম্যাচ হবে সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ।
গতকাল বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আলবিসেলেস্তেরা। দুই গোলেই অ্যাসিস্ট করেন মেসি, আর সেই পারফরম্যান্সে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।
আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। প্রতিপক্ষ স্পেনকে নিয়ে মেসি বলেন, "স্পেন অসাধারণ একটি দল। তাদের দারুণ খেলোয়াড় আছে, খেলার ধরনও দুর্দান্ত। আমি দলটিকে খুব ভালো করেই চিনি। তারা যেভাবে খেলে, সেই ধরনের ফুটবল আমি বহু বছর খেলেছি। বার্সেলোনায় থাকার সময় তাদের অনেক খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি। তবে এটি অবশ্যই একটি বিশেষ ম্যাচ, কারণ এটি বিশ্বকাপের ফাইনাল।"
ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
তিনি বলেন, "এটি ছিল অবিশ্বাস্য একটি দিন। ম্যাচের আগে আমরা বলেছিলাম, আমরা একটি ভালো ফুটবল ম্যাচ খেলতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে, আমাদের ইতিহাসের প্রেক্ষাপটে, বিশ্বকাপের সেমিফাইনাল ছিল খুবই বিশেষ। আমরা জিততে চেয়েছিলাম এবং সমর্থকদের এই আনন্দ উপহার দিতে পেরে আমরা খুবই খুশি।"
এটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে তৃতীয় ফাইনাল। এর আগে ২০১৪ সালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হয়েছিলেন তিনি। পরে ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পান।
আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার অনুভূতি জানিয়ে মেসি বলেন, "এটা সত্যিই অবিশ্বাস্য। এই দলটি যা করে চলেছে, তা অসাধারণ। এটি আমাদের চরিত্র, দলীয় শক্তি এবং সুন্দর ফুটবলের আরেকটি প্রমাণ। আমরা দল হিসেবে দারুণ ফুটবল খেলেছি এবং আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছি। এমন মুহূর্তের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।"
এখন মেসির সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। স্পেনকে হারাতে পারলে আর্জেন্টিনা জিতবে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা। একই সঙ্গে মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তিও গড়বে আলবিসেলেস্তেরা।
মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার: কেইন
‘বিশ্বকাপ জিততে পারবে না’ আর্জেন্টিনাকে ক্যাসিয়াসের চ্যালেঞ্জ!
কাকে জয় উৎসর্গ করলেন মেসি, কে সেই প্রিয়জন