ইংল্যান্ড গোলরক্ষকের বোতল নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের হাস্যরস

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই আর্জেন্টিনা শিবিরে ঘটে গেল এক ভিন্ন ঘটনা। ম্যাচ শেষে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে লাগানো সম্ভাব্য টাইব্রেকারের গোপন নির্দেশনা খুঁজে পান আর্জেন্টিনার খেলোয়াড়রা।

আটলান্টায় ম্যাচ শেষে ইএসপিএনের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার উইঙ্গার নিকো গনজালেস বোতলে লাগানো নির্দেশনাগুলো অধিনায়ক লিওনেল মেসিকে দেখাচ্ছেন। সেগুলো দেখে মেসির বিস্মিত অভিব্যক্তি এবং প্রতিক্রিয়া মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরে আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন নিজের ইনস্টাগ্রামে ওই বোতলের একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘দুঃখের বিষয়, বন্ধু, আমাদের পরিকল্পনা কিন্তু এরকম ছিল না।’

বোতলে থাকা নির্দেশনায় আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের বিষয়ে আলাদা আলাদা তথ্য লেখা ছিল। সেখানে উল্লেখ ছিল, লিওনেল মেসি বাঁ-পায়ের ফুটবলার হলেও তার শট ঠেকাতে পিকফোর্ডের ডানদিকে ঝাঁপ দেওয়া উচিত। এমনকি আর্জেন্টিনার বদলি গোলরক্ষক জেরোনিমো রুল্লিকে নিয়েও আলাদা নির্দেশনা রাখা হয়েছিল।

তবে ম্যাচ নির্ধারিত সময়েই নিষ্পত্তি হওয়ায় টাইব্রেকারের প্রয়োজন হয়নি। ফলে ইংল্যান্ডের সেই প্রস্তুতি আর কাজে লাগানোর সুযোগও আসেনি। সূত্র: মার্কা

AS
আরও পড়ুন