'আমরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চাই না'

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও বিদায়ী কোচ দিদিয়ের দেশমকে জয় দিয়ে বিদায় জানাতে চায় ফ্রান্স। শনিবার (১৮ জুলাই) রাতে মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানিয়েছেন ফরাসি কোচ ও ডিফেন্ডার ইব্রাহিমা কোনতে।

সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায় ফ্রান্সের। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রোঞ্জ পদকের লড়াই খেলতে আগ্রহী না হলেও জাতীয় দলের জার্সির প্রতি দায়িত্ববোধ থেকেই শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ‘লে ব্লু’।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘এটি কোনো প্রীতি ম্যাচ নয়, এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমি, খেলোয়াড়রা এবং পুরো কোচিং স্টাফের দায়িত্ব এই লক্ষ্য পূরণ করা। অবশ্যই এটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না। কিন্তু বাস্তবতা হলো আমাদের লড়তেই হবে।’

তিনি আরও বলেন, জাতীয় দলের জার্সি পরার অর্থই দায়িত্ব পালন করা। তাই তৃতীয় স্থান অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে তাদের।

একই সঙ্গে দেশম নিশ্চিত করেছেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে এটিই তার শেষ ম্যাচ।

‘আমার কাছে পরিষ্কার, এটাই কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। আমি চাই না কেউ কাঁদুক। শেষটা খুব কাছে, কিন্তু জীবন তো থেমে থাকে না। আমরা চাই এই শেষ অধ্যায়টা একটি জয় দিয়ে শেষ করতে,’ বলেন তিনি।

এদিকে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনতে স্বীকার করেছেন, দলের কোনো খেলোয়াড়ই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায়নি। তবে দেশমের প্রতি শ্রদ্ধা থেকেই তারা সর্বোচ্চটা দিতে প্রস্তুত।

‘আমাদের কেউই এই ম্যাচ খেলতে চাইনি। কিন্তু এখন আর কোনো বিকল্প নেই। দেশম ফ্রান্সের জন্য অসাধারণ অবদান রেখেছেন। আমরা তাকে একটি জয় উপহার দিতে চাই। তাই এই ব্রোঞ্জ পদক জিততে নিজেদের সর্বস্ব উজাড় করে দেব,’ বলেন কোনতে।

AS
আরও পড়ুন