স্পেনকে বিশ্বকাপ জেতানোর নায়ক ফেরান তোরেসকে সম্মান জানিয়ে বার্সেলোনায় আঁকা একটি ম্যুরাল উন্মোচনের মাত্র ২৪ ঘণ্টা পরই তা সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন। ম্যুরালটি রাজনৈতিক স্লোগান লিখে বিকৃত করার ঘটনার পর পুরো দেয়াল কালো রঙে ঢেকে দেয় বার্সেলোনা সিটি কাউন্সিল।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তোরেসের করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পায় স্পেন। সেই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে দলটি। এই স্মরণীয় অর্জনকে তুলে ধরতেই বার্সেলোনার গ্রাসিয়া এলাকার জোয়ানিক মেট্রো স্টেশনের কাছে দেয়ালচিত্রটি আঁকেন খ্যাতিমান স্ট্রিট আর্টিস্ট ‘টিভিবয়’।
ম্যুরালে বিশ্বকাপ ট্রফিতে চুম্বনরত তোরেসের প্রতিকৃতি ছিল। এর পাশে লেখা ছিল ‘Making History’ (ইতিহাস সৃষ্টি)। পাশাপাশি দুটি তারার মাধ্যমে স্পেনের দুই বিশ্বকাপ জয়ের প্রতীকও ফুটিয়ে তোলা হয়েছিল। উন্মোচনের পরপরই এটি দেখতে স্থানীয় বাসিন্দা, ফুটবলপ্রেমী ও পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়।
কিন্তু অল্প সময়ের মধ্যেই অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ম্যুরালটির ওপর স্প্রে-পেইন্ট দিয়ে কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে এবং স্পেনবিরোধী বিভিন্ন রাজনৈতিক বার্তা লিখে সেটি নষ্ট করে দেয়। স্লোগানগুলোর মধ্যে ‘আমরা কাতালান জাতীয় দল চাই’—এমন দাবিও ছিল।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিল্পী টিভিবয়। তিনি লেখেন, ‘আমি আঁকা বন্ধ করব না। ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।’
পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে বার্সেলোনা সিটি কাউন্সিল পুরো দেয়াল কালো রঙে ঢেকে দেয়। এতে মূল ম্যুরালের পাশাপাশি পরে আঁকা রাজনৈতিক গ্রাফিতিও মুছে যায়।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো : দিনক্ষণ নির্ধারণ
বিশ্বকাপে রেফারিং সম্পূর্ণ ন্যায্য ছিল: স্কালোনি