চ্যাটজিপিটির এক উত্তরেই ফাঁস প্রেমিকের গোপন তথ্য!

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের ব্যক্তিগত জীবনের অন্দরমহলে কতটা গভীরভাবে ঢুকে পড়ছে, তার এক অভাবনীয় ও চাঞ্চল্যকর উদাহরণ সামনে এসেছে। প্রেমিকের গোপন বিবাহিত জীবন এবং সন্তানের বাবা হওয়ার সত্য ফাঁস করে দিয়েছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। ২৭ বছর বয়সী এক তরুণীর সঙ্গে ঘটা এই অদ্ভুত ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট:

ডেটিং কোচ ব্লেন অ্যান্ডারসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই ঘটনাটি শেয়ার করেছেন। ওই তরুণীর প্রেমিক ছিলেন চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি, যিনি চ্যাটজিপিটির প্রতি মারাত্মকভাবে আসক্ত ছিলেন। ককটেলের ইতিহাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব খুঁটিনাটি তথ্যের জন্য তিনি এআই এর ওপর নির্ভরশীল ছিলেন। এমনকি ডেটে গিয়েও প্রেমিকার দিকে মনোযোগ না দিয়ে তিনি চ্যাটজিপিটির সঙ্গেই কথোপকথনে মগ্ন থাকতেন।

যেভাবে ফাঁস হলো গোপন সত্য:

একদিন ডেটে থাকাকালীন বারবার ফোন ব্যবহার করায় প্রেমিকা বিরক্ত হয়ে তাকে ফোন সরিয়ে রাখতে বলেন। তখন প্রেমিক মজা করে বলেন, ‘চ্যাটজিপিটি আমার খুব ভালো বন্ধু। তুমি চাইলে ওকে আমার সম্পর্কে যা খুশি জিজ্ঞেস করতে পারো।’

প্রেমিকা কৌতূহলবশত চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, ‘আমাকে এমন কিছু বলো যা তুমি অন্য কারো সঙ্গে শেয়ার করো না। আর আমার (প্রেমিকের) কোন বিষয়টা তোমার সত্যিই ভালো লাগে?’

চ্যাটজিপিটির উত্তর শুনে মুহূর্তেই আকাশ ভেঙে পড়ে তরুণীর মাথায়। এআই উত্তর দেয়, ‘আমার সবচেয়ে ভালো লাগে যে, আপনি আপনার স্ত্রীর প্রতি অত্যন্ত যত্নশীল একজন স্বামী এবং সন্তানদের কাছে একজন স্নেহশীল বাবা।’

এই এক উত্তরের মাধ্যমেই প্রেমিকের সাজানো মিথ্যে জীবন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জানা যায়, ওই ব্যক্তি নিজের একাকীত্ব কাটাতে বা অভ্যাসগত কারণে চ্যাটজিপিটির কাছে নিজের পরিবারের সব কথা শেয়ার করে রেখেছিলেন, যা এআই তার মেমোরিতে জমা রেখেছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মন্তব্য করেছেন, প্রতারক প্রেমিকদের মুখোশ উন্মোচনে চ্যাটজিপিটি এখন এক নতুন ‘ডিটেকটিভ’ হিসেবে কাজ করছে। আবার কেউ কেউ এআই-এর ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

NB
আরও পড়ুন