নিরীহ দুষ্টুমির শিকার হয়ে প্রাণ গেলো শিক্ষকের

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ছাত্রদের এক নিরীহ দুষ্টুমি শেষ পর্যন্ত মর্মান্তিক দুর্ঘটনায় রূপ নিয়েছে। বাড়ির সামনে ছাত্রদের করা এক ‘প্র্যাঙ্ক’ থামাতে গিয়ে গাড়িচাপায় নিহত হয়েছেন এক উচ্চবিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষক জেসন হিউজেস, বয়স ৪০। ঘটনার সময় তার কয়েকজন ছাত্র বাড়ির সামনে গাছের ওপর টয়লেট পেপার ছুড়ে দুষ্টুমি করছিল—যা অনেক সময় যুক্তরাষ্ট্রে মজা করে করা হয়।

হঠাৎ তাদের চমকে দিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন হিউজেস। কিন্তু বৃষ্টির কারণে ভেজা মাটিতে তিনি পা পিছলে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছিল দুইটি গাড়িতে থাকা ছাত্ররা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পালানোর সময় একটি গাড়ির চালক অনিচ্ছাকৃতভাবে হিউজেসকে চাপা দিয়ে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

গাড়িটি চালাচ্ছিলেন ১৮ বছর বয়সী ছাত্র জেডেন রায়ান ওয়ালেস। তাকে ‘যানবাহনজনিত হত্যাকাণ্ড’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে ঘটনার পরপরই ওয়ালেস ও তার সঙ্গে থাকা অন্য দুই ছাত্র গাড়ি থামিয়ে আহত শিক্ষককে সাহায্য করার চেষ্টা করে বলে জানিয়েছে স্থানীয় শেরিফের দপ্তর।

এ ঘটনায় ওয়ালেসসহ আরও চারজন ১৮ বছর বয়সী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তিতে অনধিকার প্রবেশ ও আবর্জনা ফেলার অভিযোগও আনা হয়েছে।

তবে নিহত শিক্ষকের পরিবার এই মামলার অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে হিউজেসের স্ত্রী লরা হিউজেস—যিনি একই বিদ্যালয়ের শিক্ষক—বলেন, তার স্বামী ছাত্রদের খুব ভালোবাসতেন।

তার ভাষায়, হিউজেস ওই দুষ্টুমির কথা জানতেন এবং ‘হাতে-নাতে ধরার জন্য’ উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছিলেন।

তিনি আরও বলেন, 'এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু আমরা চাই না এই ঘটনার কারণে ছাত্রদের জীবনও নষ্ট হয়ে যাক। জেসনের জীবনের লক্ষ্যই ছিল এই শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলা।'

এদিকে স্থানীয় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, জেসন হিউজেস ছিলেন একনিষ্ঠ শিক্ষক, পরামর্শদাতা ও কোচ, যিনি ছাত্র ও সহকর্মীদের কাছে সমানভাবে শ্রদ্ধেয় ছিলেন।

তার স্মরণে বিদ্যালয়ের সামনে ইতোমধ্যেই একটি স্মৃতিসৌধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

সূত্র: বিবিসি

AS/AHA
আরও পড়ুন