দেশের বাজারে আবারও বেড়েছে উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক-উভয় রুটের ফ্লাইটে এই জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিইআরসি নতুন এই মূল্য তালিকা ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০.৬২৪৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ মার্কিন ডলার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে জেট ফুয়েলের দাম বড় ব্যবধানে কমানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ রুটে লিটার প্রতি ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছিল। এক মাসের মাথায় আবারও জ্বালানির দাম বাড়ায় আকাশপথে যাতায়াতের খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

