অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবি ব্যাংক কর্মকর্তাদের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

এক দিনের জন্য হলেও তারা অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে প্রস্তাবিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের উদ্যোগ বাতিল নাখোশ করায় বিষয়টির জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি একে এম মাসুম বিল্লাহ বলেন, গত বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কোনও ধরনের আলোচনা বা প্রক্রিয়া অনুসরণ না করেই সেই প্রস্তাব বাতিল করা হয়েছে। বর্তমান অর্থ উপদেষ্টা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন তিনিও এই স্বায়ত্তশাসনের প্রস্তাবের পক্ষে ছিলেন। অথচ, এখন গভর্নরকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, এই সংশোধন প্রয়োজন নেই। এই দ্বিমুখী অবস্থানের কারণেই আমরা তার পদত্যাগ চাইছি— সেটা যদি একদিনের জন্যও হয়।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে থাকা দুটি প্রধান রাজনৈতিক দলই তাদের নির্বাচনি ইশতেহারে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। যে দলই সরকার গঠন করুক, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বায়ত্তশাসন বাস্তবায়ন করা হোক।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মাসুম বিল্লাহ।

SR/AHA
আরও পড়ুন