শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতিতে আগামীতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গতানুগতিক ধারার বাইরে এসে অর্থনৈতিক উত্তরণের পথে হাঁটবে দেশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,‘ভবিষ্যতে দেশে আর কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি (Patronage Politics) চলবে না। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা।’

আসন্ন বাজেটের বিষয়ে ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেট কোনো গতানুগতিক বাজেট হবে না। জনকল্যাণ ও অর্থনৈতিক সংস্কারকে প্রাধান্য দিয়ে এই বাজেট প্রণয়ন করা হবে। তিনি আরও জানান, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, এখন সময় অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরানোর।

চট্টগ্রামকে প্রকৃত অর্থেই দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ‘শুধুমাত্র কাগজে-কলমে নয়, বিনিয়োগের মাধ্যমেই চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করা হবে। এখানকার বন্দরের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করা হবে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের প্রধান লক্ষ্য।’

দেশের বর্তমান প্রধান সমস্যা হিসেবে 'কর্মসংস্থান'কে চিহ্নিত করে তিনি বলেন, ‘জনগণ যাতে সরাসরি অর্থনীতির সুফল পায়, সরকার সেই পথেই হাঁটছে। আমরা অর্থনীতিকে মুক্ত করতে চাই, যেখানে সবার সমান সুযোগ থাকবে।’

এ সময় তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন