বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশের গ্রস রিজার্ভ এখন ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৬২ দশমিক ০২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলারে। 

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ (BPM-6) অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ১০৭ দশমিক ৮২ মিলিয়ন বা ৩০ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৯ কোটি ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ গণনা করার সময় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করা হয়, যা প্রকৃত বা নিট রিজার্ভ হিসেবে গণ্য হয়।

FJ
আরও পড়ুন