হরমুজ প্রণালি খুলতেই বিশ্ববাজারে কমলো তেলের দাম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০ শতাংশের বেশি পড়ে গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে শুরু হয়েছে বড় ধরনের উত্থান।

শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ১০ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯.২০ ডলারে নেমে এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘ডব্লিউটিআই’ ক্রুডের দাম ১০.৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮১.৫০ ডলারে দাঁড়িয়েছে। গত পাঁচ সপ্তাহের মধ্যে তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তবে দাম কমলেও তা যুদ্ধপূর্ববর্তী অবস্থার চেয়ে এখনও কিছুটা বেশি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সংহতি জানিয়ে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। তবে এই সুবিধা যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত কার্যকর থাকবে। ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ধন্যবাদ (THANK YOU) জানিয়ে পোস্ট দিয়েছেন। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন যে ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার খবরে বিনিয়োগকারীদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হওয়ায় মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। শুক্রবার লেনদেনের এক পর্যায়ে ডাউ জোনস সূচক ৬৪০ পয়েন্ট বা ১.২ শতাংশ বৃদ্ধি পায়। পাশাপাশি এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৭ শতাংশ এবং নাসডাক ১ শতাংশ পর্যন্ত বেড়েছে। উল্লেখ্য, নাসডাক কম্পোজিট টানা ১২ দিন ধরে লাভের মুখ দেখছে, যা ২০০৯ সালের পর দীর্ঘতম জয়ের রেকর্ড। গত ৩০ মার্চের পর থেকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১১ শতাংশের বেশি পুনরুদ্ধার হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি বড় স্বস্তির খবর। সূত্র: সিএনএন

YA/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত