মে মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, সন্ধ্যা থেকে কার্যকর

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:৩০ পিএম

ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে সরকার। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এ মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। তবে অটোগ্যাসের দাম লিটারপ্রতি সামান্য বাড়ানো হয়েছে।

রোববার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম সারাদেশে কার্যকর হবে।

বিইআরসি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকাই বহাল থাকবে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম বাড়ানো হয়েছিল। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। মে মাসে সেই দামেই গ্যাস কিনতে পারবেন গ্রাহকরা।

সিলিন্ডার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে ২ পয়সা বাড়ানো হয়েছে। মে মাসের জন্য অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।

এপ্রিল মাসে অটোগ্যাসের দামও দুই দফায় বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল লিটারে প্রায় ১৮ টাকা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল আরও প্রায় ১০ টাকা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে বিইআরসি। এ মাসের স্থিতিশীল মূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

FJ
আরও পড়ুন