পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত দোকানপাট ও শপিং মলগুলো সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বেচাকেনার সুবিধার্থে তারা দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাত ১০টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। তবে এ ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে-দোকান বা বিপণিবিতানে কোনোভাবেই অতিরিক্ত আলোকসজ্জা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয় করতে গত ৩ এপ্রিল থেকে সারাদেশে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনার প্রেক্ষিতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে সময়সীমা সন্ধ্যা ৭টা করা হয়েছিল। এখন ঈদের কেনাকাটার কথা মাথায় রেখে সেই সময় আরও তিন ঘণ্টা বাড়ানো হলো।
যদিও সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি, তবে দোকান মালিক সমিতির সভাপতি জানিয়েছেন যে মৌখিকভাবে তারা এই অনুমতি পেয়েছেন। আগামী ১২ মে থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে, যা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
দোকান পরিচালনায় নতুন সময়সূচির প্রস্তাব