বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকারআ প্রণোদনা

আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:২৭ পিএম

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সহায়তা, বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত অর্থনীতির পুনরুদ্ধা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

শনিবার (২৩ মে) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গভর্নর ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

গভর্নর বলেন, ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা বন্ধ কারখানাগুলো পুনঃঅর্থায়ন ও পুনরায় চালুর কাজে ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৯ হাজার কোটি টাকা দেবে। 

তিনি আরও বলেন, গ্রাহক পর্যায়ে বড় শিল্পের ঋণের সুদের হার হবে ৭ শতাংশ। তবে ক্ষুদ্র ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি হতে পারে। এই তহবিল থেকে বৃহৎ শিল্প, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এবং কৃষিখাতে বরাদ্দ দেওয়া হবে।

ব্রিফিংয়ে গভর্নর জানান, এই প্যাকেজের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ প্যাকেজের মাধ্যমে বন্ধ কারখানা পুনরায় চালুর পাশাপাশি নতুন উৎপাদন সক্ষমতা তৈরি হবে, সারা দেশে কৃষি উৎপাদন বাড়বে, দক্ষ কর্মী বিদেশে পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে, সবুজ বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারিত হবে, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে এবং সৃজনশীল অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধি বাড়বে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন বাণিজ্য সংগঠন ও ব্যাংকের কাছ থেকে বন্ধ এবং আংশিক চালু কারখানার তথ্য সংগ্রহ করেছে। 

কর্মকর্তারা জানান, এ পর্যন্ত এক হাজার ২০০টির বেশি শিল্প ইউনিট চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে বড় ঋণগ্রহীতাদের পাশাপাশি ক্ষুদ্র প্রতিষ্ঠানও রয়েছে।

AHA
আরও পড়ুন