ভোক্তাদের স্বস্তি দিতে এবার সরাসরি উন্মুক্ত বাজারে সয়াবিন তেল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বর্তমানে দেশের বাজারে বিভিন্ন করপোরেট কোম্পানির সয়াবিন তেল প্রতি লিটার ১৯৯ টাকায় বিক্রি হলেও, টিসিবি এই তেল সরবরাহ করবে মাত্র ১৮৫ টাকায়।
জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে এই তেল বিক্রির বিশেষ কার্যক্রমটি পুরোদমে শুরু হতে পারে।
উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে দীর্ঘদিন ধরেই টিসিবি ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ নিত্যপণ্য বিক্রি করে আসছে। তবে এসব পণ্য সব সময় উন্মুক্তভাবে সবার জন্য সহজলভ্য থাকে না।
তবে এবার ভোজ্যতেল বিক্রয়কারী বিভিন্ন করপোরেট কোম্পানির মতোই নিজস্বভাবে আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে টিসিবি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসছে ঈদের আগেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৫ টাকা। এতে কোনো ভর্তুকি থাকবে না।
ঈদের আগে সম্ভব হলে বাজারে তেল ছাড়া হবে জানিয়ে টিসিবির চেয়ারম্যান বলেন, আর তা না হলে ঈদের পরে খোলাবাজারে বিক্রি কার্যক্রম শুরু হবে। পরিকল্পনায় রয়েছে প্রতি লিটার ১৮৫ টাকায় তেল বিক্রি করা, যা ২০০ টাকার আশপাশের দামে আমদানি করা হয়েছে।
জানা যায়, টিসিবির এই কার্যক্রমে ধীরে ধীরে চিনি, ডালসহ আরও বেশ কিছু নিত্যপণ্য যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
ভবিষ্যতে আটা এবং কিছু মসলা এই তালিকায় আনা হবে বলেও উল্লেখ করেন সংস্থাটির চেয়ারম্যান।
বর্তমানে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম যেখানে ১৯৯ টাকা, সেখানে টিসিবির এই উদ্যোগে লিটারে প্রায় ১৪ টাকা কমে তেল পাওয়া যাবে।
এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির হবে বলে জানান ভোক্তারা। তারা বলেন, টিসিবি কম দামে পণ্য বিক্রি করলে বাজারে অন্যান্য কোম্পানিও দাম কমাতে বাধ্য হতে পারে।
বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে পশুর হাটসংলগ্ন ব্যাংক