জুনের প্রথম সপ্তাহেই এলো ৮৭ কোটি ডলার রেমিট্যান্স

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:২৩ পিএম

দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি জুন মাসের প্রথম ৭ দিনেই দেশে ৮৭ কোটি ১১ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এই হিসাবে দৈনিক গড়ে দেশে এসেছে ১২ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের হালনাগাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ৭ দিনে প্রবাসীরা ৮৭ কোটি ১১ লাখ ৪০ হাজার ডলার পাঠালেও গত বছরের একই সময়ে এসেছিল ৮৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রথম সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমলেও পুরো অর্থবছরের সার্বিক চিত্র অত্যন্ত ইতিবাচক। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৬২ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪৫ শতাংশ বেশি।

এর আগে সদ্য সমাপ্ত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। তার আগে গত এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে প্রবাসী আয় আসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড ছিল। চলতি অর্থবছরের চলমান ধারা সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম বৃদ্ধি ও বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার সুফল মিলছে অর্থনীতির এই অন্যতম প্রধান সূচকে।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত